প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২২:৪৩ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল। ছবি সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের দেওয়া চিঠি ভারত পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
রণধীর জয়সোওয়াল বলেন, বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে, আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।
এদিন নয়াদিল্লিকে দেওয়া চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো আসেনি। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ খবর জানান তিনি।
কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে, সে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, নোট ভারবাল (কূটনৈতিক পত্র) আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।’
গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে ফেরত দিতে বাংলাদেশ দুই দফা চিঠি দিলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। গণঅভ্যুত্থানে সংগঘিত মানবতাবিরোধী অফরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন। এরপর চলতি মাসে তৃতীয়বারের মতো তাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দেয় বাংলাদেশ সরকার।
গণঅভ্যত্থানের সময় শেখ হাসিনা ছাড়াও দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বহু নেতাকর্মী। পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ ভারতে বিভিন্ন স্থানে তারা অবস্থান করছেন বলে জানা যায়।