প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস রায় দেন যে বোলসোনারো তার পুরো সাজাটিই পুলিশ সদর দপ্তরেই ভোগ করবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস এ রায় দেন। তিনি বলেন, মামলাটি চূড়ান্ত রায়ে পৌঁছেছে এবং আর কোনও আপিলের সুযোগ নেই।
২০২২ সালে নির্বাচনের পর তার প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে সরিয়ে দেওয়ার জন্য অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বোলসোনারোর আইনজীবী দল চূড়ান্ত আপিল দায়ের না করার সিদ্ধান্ত নেয়। ফলে মোরায়েস রায়টি চূড়ান্ত ঘোষণা করার অনুরোধ জানান। এর ফলে ভবিষ্যতে আর কোনো আপিলের সুযোগ পাবেন না বোলসোনারো এবং তাকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ইতোমধ্যে এ সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
শনিবার থেকে বোলসোনারো ব্রাজিলের ফেডারেল পুলিশ সদর দপ্তরে আটক রয়েছেন। কারচুপির অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়ার পর আদালতের নির্দেশে পায়ে ইলেকট্রনিক মনিটর বা অ্যাংকল মনিটর পরানো অবস্থা থেকেই তিনি সেখানে রয়েছেন। মঙ্গলবার মোরায়েস রায় দেন যে বোলসোনারো তার পুরো সাজাটিই ওই সদর দপ্তরেই ভোগ করবেন।
এদিকে বোলসোনারোর আইনজীবী পাওলো কুনিয়া বুয়েনো 'এক্স'-এ এক পোস্টে বলেন, আদালত রায়টি চূড়ান্ত ঘোষণা করলেও সাবেক প্রেসিডেন্ট দণ্ডের বিরুদ্ধে আপিল করার চেষ্টা চালিয়ে যাবেন।
৭০ বছর বয়সী বলসোনারোকে ২০২২ সালের নির্বাচনে তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার লক্ষ্যে ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
তিনি রাজধানী ব্রাসিলিয়ার একটি ফেডারেল পুলিশ জেল সেলে তার সাজা ভোগ করতে শুরু করবেন, যেখানে তাকে পালিয়ে যাওয়ার ঝুঁকি হিসাবে বিবেচনা করা এবং গৃহবন্দীত্ব থেকে অপসারণের পর শনিবার থেকে আটক রাখা হয়েছে।