প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ০৯:২৪ এএম
ছবি: সংগৃহীত
ফের যুদ্ধবিরতি লঙ্ঘন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন।
রবিবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় ।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, গাজা সিটির ঘনবসতিপূর্ণ রিমাল মহল্লা এলাকায় একটি গাড়িতে প্রথম হামলাটি চালানো হয়। এই ড্রোন হামলায় গাড়িটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।
এছাড়া দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সেখানে থাকা খলিল আবু হাতাব বলেন, হামলার সময় ‘ভয়াবহ বিস্ফোরণ’ হয়।
এদিকে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী।’
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরাইল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে এর প্রতিক্রিয়ায় তারা অভিযান চালিয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, ইসরাইল হামাসের পাঁচ সিনিয়র যোদ্ধাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি হামাস।