প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে প্রকাশ্যেই চলছিল রাজনৈতিক বিরোধ। হয়ত সেই বিরোধের অবসান হতে চললো। গতকালই ডোনাল্ড ট্রাম্প এবং মেয়র জোহরান মামদানি শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন। নিজেদের প্রথম সরাসরি বৈঠকটি তারা অত্যন্ত সফলভাবে শেষ করেছেন। তারা ছিলেন হাস্যোজ্জ্বল। একে অন্যের প্রশংসাও করেছেন। নিউইয়র্ক শহরের অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এমনকি ওভাল অফিসে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি (মামদানি) যত ভালো করবেন, আমি তত খুশি হব। আমরা তাকে ভালো কাজ করতে সাহায্য করব।
ট্রাম্প আরও বলেন, তার অনেক ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়। আমরা অনেক বিষয়ে একমত, যা আগে ভাবিনি। তিনি যোগ করেন, এক জায়গায় আমরা একমত: আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি খুব ভালো থাকুক।
হোয়াইট হাউসের বৈঠকের একপর্যায়ে ৩৪ বছর বয়সী মামদানি ৭৯ বছর বয়সী ট্রাম্পের টেবিলের পাশে গিয়ে দাঁড়ান। তখন ট্রাম্প হাসেন। তাঁর হাত চাপড়ে দেন। অথচ কিছুদিন আগেও ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ বলেছেন। ঠাট্টা-বিদ্রূপ করেছেন।
ট্রাম্প ও মামদানি নিউইয়র্কের দুই প্রজন্মের প্রতিনিধি। গতকালের বৈঠক শেষে তাঁরা নীতিবিষয়ক কোনো ঘোষণা দেননি। কিন্তু বৈঠকের পর তাঁরা অপ্রত্যাশিতভাবে রাজনীতিতে বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
এদিকে মামদানি বলেন, নিউইয়র্কবাসীর সেবা করার যে সাধারণ লক্ষ্য আমাদের আছে, তাকে কেন্দ্র করেই মূলত আমরা আলোচনা করেছি। আমি প্রেসিডেন্টের সত্যিই খুব প্রশংসা করি।
মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নিচ্ছেন।