প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৩:৫৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৪:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের ফয়সালাবাদে একটি আঠা তৈরির কারখানায় (গ্লু ফ্যাক্টরি) বয়লার বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভবনটি ধসে পড়ে এবং এতে আগুন ধরে যায়। এছাড়া কারখানার পেছনের অন্তত সাত-আটটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়ির ছাদ ধসে পড়ায় বাসিন্দা ও কারখানার কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়েন।
প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট কমিশনার জানান, নিহতদের বেশিরভাগই কারখানার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা।
উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। প্রথমে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ থেকে একে একে আরও মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১৫-তে পৌঁছেছে। গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ব্যক্তিগতভাবে এই উদ্ধার অভিযান তদারকি করছেন বলে জানা গেছে।
সূত্র : ডন