প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে শুক্রবার সাক্ষাত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি আগামীকাল শুক্রবার হোয়াইট হাউসে নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন।
গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। মামদানি চলতি মাসের শুরুর দিকে মেয়র নির্বাচিত হন। মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম এই দুই রাজনীতিকের মধ্যে মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, ‘আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।’
মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, “নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।”
নবনির্বাচিত মেয়র মামদানির মুখপাত্র ডোরা পেকেকও এক বিবৃতিতে ট্রাম্প-মামদানির মধ্যকার অনুষ্ঠেয় বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে ডোরা পেকেক বলেন, প্রথা অনুযায়ী, নবনির্বাচিত মেয়র হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। বৈঠকে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নাগরিকদের সাশ্রয়ী জীবনযাপনের বিষয় নিয়ে আলোচনা হবে।
নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি। এমনকি মামদানিকে ‘ছোট্ট কমিউনিস্ট’ বলেও আক্রমণ করেছিলেন ট্রাম্প। নিউইয়র্কবাসী যাতে মামদানিকে ভোট না দেন, সে জন্য তিনি তাঁদের উৎসাহিত করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মামদানির বিরুদ্ধে প্রচার-প্রচারণাবাবদ ২৪০ কোটি ডলার ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টি।
তবে এসব প্রচেষ্টার পরও জোহরান মামদানির জয় লাভ করেন। আগামী ১ জানুয়ারি নিউিইয়র্ক সিটির মেয়রের শপথ গ্রহণ করার কথা আছে তার।