প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৪৭ পিএম
গাজা উপত্যকার প্রায় ৩ হাজার ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বুধবার (১৯ নভেম্বর) ইইউ’র একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইইউ’র ওই কর্মকর্তা জানান, বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী হলে গাজায় একটি কার্যকর পুলিশ বাহিনী গড়ে তোলা অত্যন্ত জরুরি, যাতে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সোমবার গাজা উপত্যকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর মধ্যেই গত ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে নাজুক একটি যুদ্ধবিরতি টিকে আছে।
গাজায় গত দুই বছরের যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইল-সমর্থক ও ফিলিস্তিনপন্থী দেশগুলোর মতপার্থক্যের ফলে দীর্ঘদিন ধরেই গাজা প্রসঙ্গে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে ইইউ। তবুও অঞ্চলটিতে ভূমিকা রাখতে আগ্রহী তারা। দীর্ঘমেয়াদি নিরাপত্তা পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে গাজার পুলিশ বাহিনীকে প্রশিক্ষণের প্রস্তাব আনতে যাচ্ছে ইইউ।
গাজার প্রায় ৭ হাজার পুলিশ সদস্য রয়েছেন, যারা এখনো পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেতনভুক্ত। তাদের বড় অংশই অবসরপ্রাপ্ত বা কর্মক্ষম নন। তবে প্রায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব বলে কর্মকর্তা জানান। নিরাপত্তাজনিত কারণে প্রশিক্ষণটি গাজা উপত্যকার বাইরে অনুষ্ঠিত হবে।