প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার(১৭ নভেম্বর) এই রায় ঘোষণা দেওয়া হয়। তবে এই রায়কে ‘খুব উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা শশী থারুর।
গতকাল সোমবার শশী থারুর সাংবাদিকদের বলেন, ‘দেশে হোক বা বিদেশে, আমি মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না। তাই বিষয়টি আমাকে খুবই হতাশ করেছে।’
তিনি এই রায়কে মোটেও ইতিবাচকভাবে দেখছেন না। তিনি বলেন, ‘অন্য দেশের বিচার বিভাগের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক না। তবুও বলতে হবে, আমি এটিকে কোনো ইতিবাচক ঘটনা মনে করি না। এটা খুব উদ্বেগজনক।’ ভারতের সংবাদ সংস্থা এএনআই সামাজিক মাধ্যমে থারুরের এই বক্তব্য প্রকাশ করেছে।
এর আগে এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘পাকিস্তানের নির্দেশে’ দেওয়া হয়েছে।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সোমবার শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।