প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৬:১৯ পিএম
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃতুদন্ডের আদেশের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পরই রয়টার্স, বিবিসি, আল জাজিরা, সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করে। এছাড়া, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রকাশ করে এ খবর।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন।
মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে।
রায়ে আদালত বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। একইসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন, মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল। ৪৫৩ পৃষ্টার ওই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত।