প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত
চীনে ১৯৪৯ সালের পর সবচেয়ে বড় স্বর্ণভান্ডার খোঁজ মিলেছে। গত ৭০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় সোনার খনি। লিয়াওনিং প্রদেশে পাওয়া এই মজুতে প্রায় ১,৪৪৪ টন স্বর্ণ রয়েছে।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দাদংগোউ নামের এই খনিটি এখন পর্যন্ত দেশের একক সবচেয়ে বড় স্বর্ণ আবিষ্কার। কর্মকর্তারা জানান, এখানে প্রায় ২৫.৮৬ লাখ টন আকরিক রয়েছে এবং প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। সব মিলিয়ে এই খনিতে প্রায় ১,৪৪৪ টন স্বর্ণ থাকার হিসাব করা হয়েছে।
বর্তমান বাজারদরে এই স্বর্ণের মোট মূল্য ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি। এ বছর স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে এবং প্রতি কিলোগ্রাম স্বর্ণ ১,১৫,০০০ ইউরোর বেশি দামে লেনদেন হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে যে এই মজুতকে ‘অতি-বিশাল’ বলা হলেও এর মান কম। তবে এর অর্থনৈতিক সম্ভাব্যতা নিয়ে প্রাথমিক মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে কর্তৃপক্ষ সাইটটির নির্দিষ্ট অবস্থান জানায়নি। শুধু বলা হয়েছে এটি লিয়াওনিং প্রদেশের পূর্ব অংশে অবস্থিত। এ কারণে কৌশলগত কারণে অবস্থান গোপন রাখা হয়েছে বলে অনেকেই মনে করছেন।
২০২৪ সালে চীন ৩৭৭.২৪ টন স্বর্ণ উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ০.৫৬ শতাংশ বেশি। দেশটিতে স্বর্ণের অভ্যন্তরীণ চাহিদা ছিল ৯৮৫.৩১ টন। বারের ও কয়েনের চাহিদা এক বছরে ২৪ শতাংশের বেশি বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, চীনের মধ্যবিত্ত শ্রেণির মধ্যে সম্পদ সুরক্ষার প্রবণতা বাড়ছে। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কারণে স্বর্ণ এখন দেশে জনপ্রিয় নিরাপদ বিনিয়োগ হিসেবে দ্রুত বাড়ছে।