প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ০৯:৩৭ এএম
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) জানায়, গত ২৪ ঘণ্টায় নিহত তিনজনের পাশাপাশি গাজার সিভিল ডিফেন্স বিভাগ আল-শিফা হাসপাতালে ৩৫টি অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে, যাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৯ হাজার ১৮২ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েলি বাহিনী ২৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে দাবি করেছে গাজা প্রশাসন।
যেখানে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জন বন্দী হয়েছিল।
ধারণা করা হচ্ছে, ইসরায়েলের গণহত্যা শুরুর দুই বছর পরও গাজা জুড়ে হাজার হাজার নিখোঁজ মানুষের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আযুম জানিয়েছেন, ‘গাজার পরিবারগুলোর জন্য প্রিয়জনদের সন্ধান এখনও এক দূরবর্তী স্বপ্ন। অনেকে হাসপাতাল, মর্গ ও শনাক্তকরণ কেন্দ্রে গিয়ে পোশাকের টুকরো, ক্ষত বা ব্যক্তিগত জিনিসপত্র দেখে দেহাবশেষ শনাক্তের চেষ্টা করছেন।’
তিনি আরও জানান, ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদেহের পচন এবং ডিএনএ পরীক্ষার সরঞ্জামের অভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পরেছেন, যার ফলে বহু পরিবার গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অন্তত ২৮২ বার লঙ্ঘন করেছে। বিমান হামলা, গোলাবর্ষণ ও সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে এসব হামলা চালানো হয়েছে। আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় ৩১ দিনের মধ্যে ২৫ দিনই ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়েছে। অর্থাৎ মাত্র ছয় দিন কোনো সহিংসতা, মৃত্যু বা আহতের ঘটনা ঘটেনি।
তবু যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধবিরতি এখনো ‘চলমান।’ অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ডজনখানেক মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারী দুটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালায়। তারা গাড়ি ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়, এতে চারজন ফিলিস্তিনি আহত হন।
হামলাগুলো ঘটে বেইত লিদ ও দেইর শারাফ গ্রামে। বসতি স্থাপনকারীরা সেখানে চারটি দুগ্ধবাহী ট্রাক, কৃষিজমি, টিনের ঘর ও এক বেদুইন সম্প্রদায়ের তাঁবু পুড়িয়ে দেয়। ফিলিস্তিনি কর্মকর্তা মুয়াইয়াদ শা’বান বলেন, এসব হামলা ফিলিস্তিনিদের জমি থেকে উচ্ছেদ করার বড় পরিকল্পনার অংশ। তিনি অভিযোগ করেন, ইসরায়েল সরকার বসতি স্থাপনকারীদের রক্ষা ও ছাড় দিচ্ছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ‘চরমপন্থী সহিংসতার’ অভিযোগে চার ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়েছে। আল-জাজিরার ফ্যাক্ট চেক ইউনিট সানাদের যাচাই করা এক ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি গাড়ি জ্বলছে, ফিলিস্তিনিরা আগুন নেভানোর চেষ্টা করছে। মঙ্গলবারই ইসরায়েলি সৈন্যদের ওপরও বসতি স্থাপনকারীরা হামলা চালায়। এতে একটি সামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।