প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১১:৪১ এএম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলছে, প্রায় এক মাস আগে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতির এক মাস পরও মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, “যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া, মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে।”
তিনি জানান, “কিছু এলাকায় আমাদের দলকে এখনো প্রতিবার চলাচলের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।”
ফারহান হক বলেন, “গত সপ্তাহে ত্রাণ পাঠানোর আটটি প্রচেষ্টা চালানো হলেও তার মধ্যে কেবল দুটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুমোদন দেয় ইসরায়েল। বাকি চারটি পথে বাধাগ্রস্ত হয়— এর একটি ক্ষেত্রে অনুমতি পেতে দলটিকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।”
তিনি আরও বলেন, “চলমান প্রতিবন্ধকতার মধ্যেও জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো সব সুযোগ কাজে লাগিয়ে সহায়তা কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।