প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৩:১৬ পিএম
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ফুটেজে নার্সিংহোম ভবনের উপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স
উত্তর-পূর্ব বসনিয়ার একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মুসলিম-ক্রোয়েট প্রধানমন্ত্রী নেরমিন নিকসিক এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘বিরাট মাত্রার বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, অগ্নিনির্বাপক, পুলিশ কর্মকর্তা, চিকিৎসা কর্মী, কর্মচারী এবং বাড়ির বাসিন্দাদের সহ প্রায় ২০ জনকে চিকিৎসার জন্য একটি মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে।
এর আগে নার্সারি হোমটি জানিয়েছিল, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এর সপ্তম তলায় আগুন লেগে ১০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এতে আরও বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
নার্সিংহোমের একজন বাসিন্দা রুজা কাজিক বলেছেন, তিনি ভবনের তৃতীয় তলায় থাকতেন এবং শব্দ শুনে ঘুম থেকে উঠেছিলেন। তিনি বলেন, ‘আমি জানালা দিয়ে বাইরে তাকালাম এবং ওপর থেকে জ্বলন্ত জিনিসপত্র পড়তে দেখলাম। আমি দৌড়ে করিডোরে ঢুকে পড়লাম। ওপরের তলায় মানুষ ঘুমিয়ে ছিল তখন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ফুটেজে নার্সিংহোম ভবনের উপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে আগুন লাগার কারণ নির্ধারণের জন্য পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
বসনিয়ার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির চেয়ারম্যান জেলজকো কমসিক নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।