প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত
‘বিরাট সংখ্যক খ্রিস্টানদের’ হত্যা বন্ধে মার্কিন সামরিক বাহিনী নাইজেরিয়ায় সেনা মোতায়েন করতে পারে অথবা সেখানে বিমান হামলা চালাতে পারে, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার পাম বিচ থেকে উড়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফেরার সময় আকাশযান ‘এয়ার ফোর্স ওয়ান’ এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র স্থল সেনা পাঠাবে নাকি বিমান হামলা চালাবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'হতে পারে। মানে, আরও নানা কিছু হতে পারে। আমি অনেক কিছুই ভাবছি। নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিষ্টানকে হত্যা করা হচ্ছে... তারা খ্রিষ্টানদের হত্যা করছে, এবং খুব বড় পরিসরে হত্যা করছে। আমরা এমনটা চলতে দিতে পারি না।'
এর আগে শনিবার ট্রাম্প সতর্ক করে বলেন, খ্রিষ্টানদের ওপর হামলা দমনে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে।
মার্কিন প্রশাসন এক দিন আগে নাইজেরিয়াকে আবারও 'ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশসমূহের তালিকা'-ভুক্ত করেছে। ওই তালিকায় আরও রয়েছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান।