প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালানযুক্ত নৌযান লক্ষ্য করে হামলা শুরু করে ওয়াশিংটন। গতকালও ক্যারিবীয় অঞ্চলে আরেকটি নৌযানে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা। হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার এক এক্স পোস্টে পিট হেগসেথ লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানটি অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।’
পিট হেগসেথের তথ্য মতে, আন্তর্জাতিক জলসীমায় হামলার সময় নৌযানটিতে তিনজন পুরুষ ‘মাদক সন্ত্রাসী’ ছিলেন। তিনজনই নিহত হয়েছেন।
ক্যারিবীয় অঞ্চলে মাদক-পাচারকারী বলে সন্দেহ করা নৌযানে এটি তাদের সর্বশেষ হামলা।
গত দুই মাস ধরে ট্রাম্পের প্রশাসন ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে একের পর এক তাদের ভাষায় ‘মাদকবাহী নৌযানে’ হামলা চালিয়ে আসছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৬২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ১৪টি নৌযান ও ১টি আধা ডুবোজাহাজ ধ্বংস করা হয়েছে। এর আগে গত বুধবারও এক হামলায় নিহত হন ৪ জন। নৌযানগুলো আদৌ কোনো মাদক পরিবহন করছিল কিনা, সে সম্বন্ধে এখন পর্যন্ত কোনো প্রমাণও দিতে পারেনি তারা।
বিশ্বজুড়ে অনেক বিশেষজ্ঞ এসব হামলার নিন্দা জানিয়েছেন; তারা এমন হামলা চালানোর এখতিয়ার যুক্তরাষ্ট্রের আছে কিনা সে প্রশ্নও তুলছেন
এদিকে ভেনেজুয়েলার অভিযোগ এসব হামলার লক্ষ্য ভেনেজুয়েলায় নিকোলাকে উৎখাত করা।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালানোর ‘পরিকল্পনা’ তাঁর সরকারের নেই।