প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে একটি ট্রেনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার পর দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কেমব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে লন্ডনগামী একটি ট্রেনে এ ঘটনা ঘটে।
এদিকে রবিবার এক বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এটিকে একটি ভয়াবহ ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে। আহতরা সবাই চিকিৎসা নিচ্ছেন। কাউন্টার টেরোরিজম পুলিশ তদন্তে সহায়তা করছে। ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি ও উদ্দেশ্য জানতে চেষ্টা করছে।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা হান্টিংডন রেলওয়ে স্টেশনে উদ্ধার অভিযান অংশ নিয়েছে। সেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যাল কেয়ার টিম ও তিনটি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে 'ভয়াবহ ঘটনা' হিসেবে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বলেন, 'এটি একটি উদ্বেগজনক ঘটনা। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা রইল। দ্রুত উদ্ধার অভিযান চালানোয় জরুরি সেবার কর্মীদের ধন্যবাদ।'