প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৬:০১ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ১৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত।
চলতি বছরের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিশিষ্ট বিজ্ঞানী—জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির ওমর এম. ইয়াগি।
বাংলাদেশ সময় বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
রসায়নে বিশেষ অবদান ও নতুন গবেষণার ধারা সৃষ্টির জন্য এ তিন বিজ্ঞানীকে এই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এর আগে, গত বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী। তারা হলেন- ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার। প্রোটিনের গঠন এবং নকশা সংক্রান্ত অসাধারণ সাফল্যের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হন তারা।
বরাবরের মতো এবারও ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি।
এ বছর নোবেলজয়ীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে পুরস্কারে অর্থ তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।
নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।