× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লোটিলার মানবিক অভিযাত্রায়ও ইসরায়েলি আগ্রাসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ০৯:১৫ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ০৯:১৫ এএম

ফ্লোটিলার মানবিক অভিযাত্রায়ও ইসরায়েলি আগ্রাসন

দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম নির্দয় বর্বরতার বিরুদ্ধে বিশ্বমানবতার প্রতিবাদের যেটুকু নজির রয়েছে তার সর্বশেষ অধ্যায় এবারের সুমুদ ফ্লোটিলা। গাজার অবরুদ্ধ ও ক্ষুধার্ত মানুষের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা বিবেকবান মানুষেরা শামিল হয়েছেন এই বহরে। তাদের কারও হাতে ছিল ওষুধ, কারও কাছে শিশুদের জন্য খাবার, আবার কারও মনে ছিল শুধুই একটি লক্ষ্য- নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদও বন্দুকের নল তাক করে রুখে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী বহনকারী সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েলি বাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ। যেসব জাহাজ আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকাকর্মী গ্রেটা থুনবার্গসহ বিখ্যাত অনেকে রয়েছে। জাহাজে থাকা কর্মীদেরও আটক করা হয়েছে। এরপর তাদেরকে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। জানা গেছে, কিছু আটক করা হয়েছে গত বুধবার। বাকিগুলো আটক করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রথম দফায় আটক নৌযানগুলো গতকাল স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে, আটক ব্যক্তিদের উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এই নৌবহরে ৪৪টি বেসরকারি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্স এক ভিডিও প্রতিবদনে জানিয়েছে, সুমুদ ফ্লোটিলার আটক জাহাজগুলো আশদাদ বন্দর পৌঁছেছে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ২০ কিলোমিটার দূরে। 

এদিকে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কায়দায় ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ায় ঘটনায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শান্তিকামী মানুষ ক্ষোভে-প্রতিবাদের ফুঁসে উঠেছেন। তারা বিশ্ব নেতাদের প্রতি এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

গাজা অভিমুখে বিশ্বজুড়ে আলোচিত মানবতার এই কাফেলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। গতকাল বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানিয়েছেন, ফ্লোটিলার সামনের নৌযানগুলো এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে, তবে আমরা ভীত নই। আমরা পথেই আছি, অবরোধ ভাঙবই। ফিলিস্তিন মুক্ত হবেই।’ গোটা বিশ্বের ভালোবাসায় তারা সিক্ত জানিয়েছেন শহিদুল আলম। বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ও প্রার্থনা বার্তা পাচ্ছেন তারা। আর এসব বার্তা তিনি তার সঙ্গীদের কাছে পৌঁছে দিয়েছেন। 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) অংশ হিসেবে থাকা বেশ কয়েকটি জাহাজকে ‘নিরাপদে থামানো হয়েছে এবং বহরে থাকা জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে।’ আরও বলা হয়েছে যে জাহাজগুলো ‘একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছাকাছি আসার কারণে তাদের গতিপথ পরিবর্তন করতে বলেছে নৌবাহিনী।’

সুমুদ ফ্লোটিলা নামের এই বিশ্বমানবতার কাফেলায় বিভিন্ন দেশের শিক্ষক, দার্শনিক, সংগঠক, চিকিৎসক, শিল্পী, ধর্মগুরু, আইনজীবী, নাবিকরা হয়েছেন একাত্ম। সবার একটাই দাবি, গাজায় অবরোধ ও গণহত্যা বন্ধ করা। 

এই নৌবহরে করে ফিলিস্তিনিদের জন্য ত্রাণসামগ্রী (খাদ্য ও ওষুধ) বহন করা হচ্ছে। আয়োজকরা বলছেন, এটি প্রতীকী সহায়তা। তাদের মূল লক্ষ্য হলো ইসরায়েল গাজা উপত্যকায় যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে সেটি ভেঙে ফেলা। সুমুদ আরবি শব্দ। এর অর্থ ধৈর্য- সহিষ্ণুতা অটল ও অনমনীয়। আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট নৌ-বহর। তবে সুমুদ শব্দটি মূলত ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ অর্থে ব্যবহার করা হয়। ফিলিস্তিনিদের প্রতিরোধ ও তাদের প্রতি আন্তর্জাতিকভাবে সংহতি জানাতেই এই মানবতার নৌ-অভিযাত্রা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফিলিস্তিনের ‘সুমুদ’ শব্দ এখন দাবনলের মতো ছড়িয়ে পড়েছে শান্তিকামী বিশ্বে। 

এদিকে ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে, ‘সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’ বাকি একটি জাহাজ নিয়ে দেশটির মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘আরেকটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে।’

এদিকে সামাজিক মাধ্যমে প্রতিবাদকারীরা ইসরায়েলের এই বাধাদানকে ‘অবৈধ’ ও ‘প্রতিরক্ষামূলক কাজ নয়’, বরং ‘হতাশাজনক নির্লজ্জ কাজ’ বলে বর্ণনা করা হয়েছে। দলটি অভিযোগ করেছে যে ফ্লোটিলার মধ্যে থাকা একটি জাহাজকে ‘ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ধাক্কা দেওয়া হয়েছে’ এবং আরও কয়েকটি নৌকার দিকে জলকামান ব্যবহার করে আঘাত করা হয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) সোশ্যাল মিডিয়ায় লিখেছে- ‘এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে দখলদাররা গাজাকে ক্ষুধার্ত এবং বিচ্ছিন্ন রাখতে কতটা চরম পদক্ষেপ নেবে। তারা একটি শান্তিপূর্ণ বেসামরিক মিশনে আক্রমণ করবে। কারণ মানবিক সহায়তার সাফল্যের অর্থ তাদের অবরোধের ব্যর্থতা।’

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই নৌবহরকে জানানো হয়েছে যে এটি গাজার পাশের জলসীমায় ‘একটি বৈধ নৌ অবরোধ লঙ্ঘন করছে। যদিও নৌকাগুলো অবরোধ অঞ্চলে প্রবেশ করেছে কি না তা স্পষ্ট নয়।’

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পরিবহনের জন্য জিএসএফের প্রচেষ্টাকে উস্কানিমূলক হিসেবে অভিহিত করে ইসরায়েলি সরকার বলেছে, গ্রেটা এবং তার বন্ধুরা নিরাপদ এবং সুস্থ আছেন।

জিএসএফ জানিয়েছে যে প্রধান জাহাজগুলোর মধ্যে একটি আলমা, সেই সঙ্গে সুরিয়াস এবং আদারাসহ একাধিক জাহাজকে আটক করে আটকে রাখা হয়েছে।

এদিকে ইসরায়েলের ত্রাণবাহী নৌযান আটকের ঘটনাকে ‘জলদস্যুর কাজ’ বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিজের দল একে পার্টির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ প্রমাণ করে, এই গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে।

বাংলাদেশে বিক্ষোভ 

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের ওপর ইসরায়েলি সৈন্যদের হামলার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। 

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে ৩৬ জুলাই ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউসার বলেন, ‘ইসরায়েল নির্বিচারে আমাদের অনেক ভাই-বোনকে হত্যা করেছে। তারা একদিকে মানুষ মারতেছে আবার জাতিসংঘে গিয়ে অন্য কথা বলছে। অথচ আমাদের মধ্যে কোনো ভ্রূক্ষেপ নাই। আমাদের উচিত ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে জোর দাবি জানিয়ে কথা বলা।’

শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামী বলেন, আমরা এখানে মানবতার দাবি জানাতে দাঁড়িয়েছি। গাজার উদ্দেশে বিভিন্ন দেশের প্রায় ৪০টি ত্রাণবাহী জাহাজ যাওয়ার পথে ইসরায়েলি সৈন্যরা প্রায় ২০০ জন মানবাধিকার কর্মী ও অ্যাক্টিবিস্টকে আটক করে। এতে করে গাজার মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। 

সংহতি জানিয়ে ফারজানা লিপি বলেন, বিশ্বে অনেক মুসলিম জাতিগোষ্ঠী আছে কিন্তু তারা কেউ কোনো প্রতিবাদ জানাচ্ছে না। অন্যদিকে অনেক অমুসলিম দেশ মানবিকতা প্রদর্শন করে তারা গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশের শহিদুল ইসলাম নামে একজন মানবাধিকার কর্মী ও সাংবাদিক আছেন। সবার উচিত তাদের থেকে শিক্ষা নিয়ে অতিদ্রুত গাজার মানুষকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া।

গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। গতকাল বিকালে সংগঠনটির মহানগর শাখার উদ্যোগে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া কাজীর দেউরি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা পতাকা বহন, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে হামলার নিন্দা জানায়।

সমাবেশে বক্তারা বলেন, মানবতাবিরোধী এমন কোনো অপরাধ নেই যেটা ইসরায়েল করেনি। তারা ফিলিস্তিনে বর্বর আক্রমণের পাশাপাশি আক্রান্তদের ত্রাণ সহযোগিতাতেও বাধা দিচ্ছে। বিশ্বের সব সংস্থাকে আমরা এই অমানবিক ভূমিকা রুখে দেওয়ার জন্য আহ্বান জানাই।

ফিলিস্তিনে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌযান ও মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা এবং আটকের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চাকসুতে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলে এই মানববন্ধন করেন তারা।

এ সময় ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, “প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়ানো। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের এই নৈতিক কাজে ব্যাঘাত ঘটিয়ে ইসরায়েল প্রমাণ করল তারা একটি সন্ত্রাসী রাষ্ট্র।” এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দল, মত, নির্বিশেষে সবার অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Protect Flotilla-Free Palestine কর্মসূচি আজ

এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণবাহী নৌকার বহরে আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটক এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে Protect FlotillaÑ Free Palestine কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স। বেলা ৩টায় শুরু হওয়া এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিজস্ব ব্যানার, পতাকা এবং পানি নিয়ে আসতে বলা হয়েছে। ইতোমধ্যে ২১টি সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে। সেগুলো হলোÑ সেইভ ফিউচার বাংলাদেশ, ইউনিভো, হেল্প দ্য নেশন, আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা, প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী, ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ইউক্যান, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব, দুঃখ লাঘব ফাউন্ডেশন, আনকোরা, EcoRevolution, Lal Sabuj Society, Shouharda Youth Foundation, সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার, নিরাপদ সড়ক আন্দোলনÑ নিসআ, National Brighten Association, জুলাই মঞ্চ, ScriptySphere, উই ক্যান কক্সবাজার ও Private University Students Alliance Of Bangladesh – PUSAB.

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা