প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব ও মুসলিম নেতাদের আশ্বস্ত করেছেন যে, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেবেন না। অন্যদিকে আরব ও মুসলিম নেতারা গাজায় যুদ্ধ বন্ধ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দেবেন নেতানিয়াহু। নেতানিয়াহুর ওই বক্তব্য সামনে রেখে সংবাদমাধ্যমের সামনে আসেন ট্রাম্প। সেখানে তিনি মন্তব্য করেন, নেতানিয়াহুকে পশ্চিম তীরের দখল নেওয়ার অনুমতি দেবেন না তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি ও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।
হোয়াইট হাউসের ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখলে নিতে দেব না…এরকম কিছুই হবে না। অনেক হয়েছে। এখন থেমে যাওয়ার সময় এসেছে।
আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প।
ট্রাম্প আরও জানান, গাজায় শান্তি প্রতিষ্ঠার চুক্তি চূড়ান্ত হওয়ার পথে।
টাইমস অব ইসরায়েলকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন আলাদা করে ইসরায়েলকে পশ্চিম তীর দখলের নেতিবাচক পরিণাম নিয়ে হুঁশিয়ারি দিয়েছে।
কর্মকর্তা জানান, ইসরায়েলি প্রশাসন ওই হুঁশিয়ারিকে খুব একটা গুরুত্ব দেয়নি। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।