প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে শুভেচ্ছা বার্তা পাঠান, তার জবাবে কিম এই মন্তব্য করেন।
কিম জানান, চলতি মাসের শুরুর দিকে বেইজিং সফরের সময় তিনি চীনের সমর্থন ভালোভাবে উপলব্ধি করেছেন। সে সফরে শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে তিনি একটি সামরিক কুচকাওয়াজেও অংশ নেন।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শি জিনপিং ও কিম জং উনের মধ্যে ছয় বছর পর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই চীন উত্তর কোরিয়ার প্রধান কৌশলগত মিত্র ও অর্থনৈতিক সহায়তার মূল উৎস হিসেবে বিবেচিত।
এদিকে, কিম জং উন সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবিতে নমনীয়তা দেখায়, তবে আলোচনা শুরু করতে তিনি প্রস্তুত। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে না।