প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্কযুদ্ধ নিয়ে ভারতজুড়ে বিতর্ক তুঙ্গে। ভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধীরা। এ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টি নেতা মোদির দিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘সাহস থাকলে মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ কর চাপান।’
গুজরাটের রাজকোটে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। কেজরিওয়ালের দাবি করেন, মার্কিন তুলার ওপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলাচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, ‘আমেরিকা থেকে আগত তুলার ওপর থেকে ১১ শতাংশ শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত তুলা রপ্তানি করতে পারবে আমেরিকা। ফলে গুজরাটের তুলাচাষিরা ক্ষতিগ্রস্ত আর মার্কিন চাষিরা লাভবান হবেন। ওয়াশিংটন আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে। পারলে আপনি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক বসান।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে তুলা আনা হলে ভারতের চাষিরা বাজারে ৯০০ টাকারও কম পাবেন। আমাদের দেশের চাষিদের সঙ্গে এটাই হচ্ছে। মোদি সরকারের এই সিদ্ধান্তের কারণে গুজরাটের চাষিরা দরিদ্র হয়ে যাবেন আর আমেরিকার চাষিরা হবেন ধনী।’
কেজরিওয়াল জানান, মার্কিন তুলার ওপর থেকে শুল্ক তুলে দিয়ে ভারতের চাষিদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে মোদি সরকার।
এ সময় ট্রাম্পকে কাপুরুষ আখ্যায়িত করে তিনি বলেন, ‘ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ! তার বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিত।’