প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:০২ এএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের তিন মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তে সহযোগিতা করার অভিযোগে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সংস্থাগুলো হলো আল-হক, আল-মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ড জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের আওতায় সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়। এর আগে আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধির অংশীদার নয়। তাই আইসিসির ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রম ও অতি-ক্ষমতা’ যুক্তরাষ্ট্র মেনে নেবে না। কয়েক দিন আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভিসা বাতিল করেছিল ওয়াশিংটন, যাতে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে না পারেন।
অন্যদিকে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে বড় সমস্যা তৈরি হবে, বিশেষত ইসরায়েল যখন পশ্চিম তীর দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
ইসরায়েল যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, আইসিসিকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে সহায়তা করার জন্য তিনটি ফিলিস্তিনি সংগঠনকে লক্ষ্যবস্তু করায় আমরা রুবিওর প্রতি কৃতজ্ঞ। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দাননও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমর্থন করেন।
তবে মানবাধিকার সংগঠনগুলো একে বিচারের ওপর নগ্ন আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক এরিকা গুয়েভারা-রোসাস বলেন, এই সিদ্ধান্ত গভীরভাবে উদ্বেগজনক ও বৈশ্বিক মানবাধিকার ও বিচারের ওপর লজ্জাজনক আঘাত। সংগঠনগুলো ভয়াবহ পরিস্থিতিতেও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিবদ্ধ করেছে। এখন ভুক্তভোগীদের ন্যায়বিচারের সম্ভাবনাই কেড়ে নেওয়া হচ্ছে।