প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৬ এএম
ফাইল ফটো
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমা হামলায় একদিনে আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাস এই হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলছে, আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা পুরো পরিবারকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান অবরোধে খাদ্য ও সহায়তা প্রবেশে কড়াকড়ি থাকায় গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও ছয়জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। এ পর্যন্ত ক্ষুধাজনিত কারণে প্রাণ হারিয়েছেন ৩৬৭ ফিলিস্তিনি, এর মধ্যে ১৩১ শিশু।
জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলের গাজা সিটি দখল অভিযান প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করতে পারে। কেবল আগস্ট মাসেই জোরপূর্বক ৮২ হাজার মানুষকে স্থানচ্যুত করা হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ পাঁচ বছরের নিচের অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে পড়বে।