প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪১ এএম
ছবি: সংগৃহীত
পশ্চিম সুদানের মাররা পর্বতমালা এলাকায় ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় পুরো একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং মাত্র একজন জীবিত আছেন।
সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূর জানিয়েছেন, টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর রবিবার (৩১ আগস্ট) এ ভূমিধস ঘটে। এসএলএম/এ বলছে, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন এবং তাদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জরুরি সহযোগিতা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে।
উল্লেখ্য, উত্তর দারফুর রাজ্যে সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত হয়ে বহু মানুষ আশ্রয়ের খোঁজে মাররা পর্বতমালার দিকে পালিয়ে যান। তবে ওই এলাকায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে।
প্রায় দুই বছর ধরে চলমান এ গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। কোটি মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির বর্তমানে গোলাবর্ষণের কবলে রয়েছে।