প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম
ছবি: সংগৃহীত
ইউক্রেন সংকটের মূল কারণ মোকাবিলা করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন সংকটের ‘দীর্ঘমেয়াদি ও টেকসই’ সমাধান চান তিনি।
ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার প্রচেষ্টা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১ সেপ্টেম্বর) চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন। খবর বার্তাসংস্থা আনাদোলু।
পুতিন অভিযোগ করেন, কিয়েভকে সামরিক জোট ন্যাটোতে টানার পশ্চিমা প্রচেষ্টাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল কারণ। তার ভাষায়, ‘এ ধরনের প্রচেষ্টা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’
তিনি দাবি করেন, ইউক্রেন সংকট কোনো আগ্রাসনের কারণে সৃষ্টি হয়নি, বরং কিয়েভে পশ্চিমা সমর্থনে হওয়া এক অভ্যুত্থানের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুতিন বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে ইউক্রেন সংকটের সমাধান দীর্ঘমেয়াদে টেকসই হয় এবং এর জন্য মূল কারণগুলো সমাধান করতে হবে।’
গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় মুখোমুখি বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি জানান, ওই বৈঠকের ফলাফল তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। পুতিন বলেন, আলোচনাটিকে তিনি ইউক্রেনে শান্তির পথ উন্মোচনের প্রচেষ্টা হিসেবে দেখছেন।
রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেন ইস্যুতে চীন ও ভারতের প্রস্তাবগুলো রাশিয়া বিবেচনা করবে।
এদিকে এসসিও সম্মেলনের ফাঁকে সোমবার পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি "বিশেষ সামরিক অভিযান" শুরু করে। এর পর থেকে যুদ্ধ চলমান রয়েছে, যাতে উভয় পক্ষের বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং ইউক্রেন থেকে কয়েক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।