প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১০:৩৩ এএম
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে বৈষ্ণোদেবী মন্দিরের কাছে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত ২৩ জনকে উদ্ধার করে কাটারা শহরের কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করেছেন রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং।
গত মঙ্গলবার দুপুরে টানা ভারী বৃষ্টির কারণে মন্দির যাত্রাপথের ইন্দ্রপ্রস্থ ভোজনালয় ও আশপাশের এলাকায় ভূমিধস নামে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূণ্যার্থীদের মধ্যে। ধসের পরপরই মন্দির কমিটি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। কিছু সময় পর এনডিআরএফ ও সিআরপিএফের সদস্যরাও এতে যোগ দেন।
গত তিন দিন ধরে জম্মু-কাশ্মিরজুড়ে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে রিয়াসিসহ বিভিন্ন এলাকায় ভূমিধস ও হড়পা বানের খবর আসছে। পরমবীর সিং জানান, উপদ্রুত অনেক এলাকার সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতিমধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই-তিন দিনেও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। কাটারা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা ও কিশ্তওয়াড় জেলায় ভূমিধস ও হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রা স্থগিত করা হয়েছে। এনডিআরএফ কর্মকর্তারা জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সূত্র: এনডিটিভি