প্রবা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২২ ২১:৫৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১১:৪৫ এএম
স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে ইয়ং। ছবি : বিবিসি
দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে ইয়ং প্রেসিডেন্টের ক্ষমা পেয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ঘুষ ও দুর্নীতির দায়ে দোষী সাবস্ত্য হওয়া লি শুক্রবার (১২ আগস্ট) ক্ষমা পান।
দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তি লি জে ইয়ং। সাবেক রাষ্ট্রপতিকে ঘুষ দেওয়ার কারণে দুবার কারাবরণ করেন তিনি।
দেশটির সরকার এ পদক্ষেপকে সমর্থন করে বলেন, করোনা মহামারির পর দেশের অর্থনীতি বেশ বিপর্যস্ত। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই এর দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন লি। যার কারণে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকা প্রাক্তন এ প্রেসিডেন্টকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
লি জে ইয়ং ২০১৪ সাল থেকেই স্যামসাং পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হন। তিনি স্যামসাং গ্রুপের দুটি কোম্পানিকে এক করতে চাইলে শেয়ারহোল্ডাররা আপত্তি তোলেন। নিজেদের পরিবারের আধিপত্য ধরে রাখতেই মূলত এ উদ্যোগ নিয়েছিলেন লি।
এ সময় একত্রীকরণের ক্ষেত্রে ঝামেলা এড়াতে প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই এবং সহযোগীকে ৮০ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে।
এ খবর ফাঁস হলে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এরপর তাকে অভিশংসন করে ক্ষমতাচ্যুত করা হয় এবং ২০১৭ সালে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এরপর দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেন মুন জে ইন। তার ক্ষমতার শেষের দিকে এসে তিনি আগের দণ্ডিত প্রেসিডেন্ট হাইকে ক্ষমা করে দেন।
এরপর নতুন প্রেসিডেন্ট ইউন সুক ইওল ক্ষমতায় আসার আট মাসের মধ্যে ক্ষমা পান স্যামসাংয়ের উত্তরাধীকারী লি। যা দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলনকারী নাগরিকদের জন্য একটি বিশাল ধাক্কা।
প্রবা/এনএস/এসআর