প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজের সময় এক মসজিদে সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির কাটসিনা রাজ্যে এ ঘটনা ঘটে। বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজির।
স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে মঙ্গলবার ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে। স্থানীয় পশুপালক ও কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেন, মঙ্গলবারের রক্তপাতের পর আরও আক্রমণ রোধ করতে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।