প্রবা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২২ ১৯:৫৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২২ ২০:১৫ পিএম
সাবেক লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে
বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে থাইল্যান্ড পৌঁছেছেন। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় কোনো দেশে আশ্রয় নিলেন গোটাবায়া।
সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার সময় একটি চার্টার্ড ফ্লাইটে করে তিনি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদ্বিনা এক দিন আগেই জানিয়েছিলেন, লঙ্কান সরকারও গোটাবায়ার থাইল্যান্ড সফরকে সমর্থন জানিয়েছে। এ ছাড়া তার কাছে কূটনৈতিক পাসপোর্ট থাকায় সাবেক প্রেসিডেন্ট দেশটিতে ৯০ দিন থাকাতে পারবেন।
দেশের অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোটাবায়া। সেখান থেকে পরদিনই সিঙ্গাপুর চলে যান। যেখানে দুই সপ্তাহ অবস্থানের সুযোগ পান তিনি। এর মধ্যে গত সপ্তাহে গোটাবায়াকে সিঙ্গাপুরে রাখতে আরও ১৪ দিনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল লঙ্কান সরকার।
সে বিষয়ে অগ্রগতি না হওয়ায় থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছিল কূটনৈতিক সূত্র।
ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথরিটির (আইসিএ) বরাতে সিঙ্গাপুরের অভিবাসন দপ্তর নিশ্চিত করেছে, গোটাবায়া রাজাপাকসে ১১ আগস্ট সিঙ্গাপুর ত্যাগ করেছেন।
থাই পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, একটি নিরাপদ স্থানের খোঁজেই গোটাবায়া থাইল্যান্ডে এসেছেন।
প্রবা/এনএস/এমজে