প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ২২:০৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ২২:১৪ পিএম
ভারতের দিল্লির দক্ষিণাঞ্চলীয় পূর্ব নিজামুদ্দিনে মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিসৌধের গম্বুজ ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
দিল্লি ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় সমাধিক্ষেত্রের ভেতরে দেশি-বিদেশি পর্যটকের ভিড় ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছোট, সবুজ রঙের ভবনটির একপাশের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। তখন ভবনের ভেতরে ১৫-২০ জন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দারগাহর ইমামও ছিলেন বলে জানিয়েছেন তারা।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কারণ জানতে তদন্ত চলছে।
মৌসুমি বৃষ্টির ফলে সমাধিক্ষেত্রের গম্বুজের কাঠামো দুর্বল হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া, রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হওয়া কিংবা কাঠামোগত কোনও ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
দ্বিতীয় মুঘল বাদশা হুমায়ুনের সমাধি ১৫৬২ সালে তার স্ত্রী হামিদা বানু বেগমের উদ্যোগে নির্মাণ করা হয়। বেলেপাথরে তৈরি এই স্থাপনাটি নকশা করেছিলেন বুখারার স্থপতি মির্জা গিয়াস। মোঘল ইতিহাসে এটিই প্রথম উদ্যান-সমাধিক্ষেত্র, যা পরবর্তীতে তাজমহলসহ বহু মুঘল স্থাপত্যে প্রভাব রেখেছে। সমাধিক্ষেত্রটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। পুরাতত্ত্ববিদরা একে মুঘল স্থাপত্যশৈলীর প্রথম পূর্ণাঙ্গ উদাহরণ হিসেবে বিবেচনা করেন।