প্রবা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৪:৩৬ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৪:৪০ পিএম
গত এক বছরে অস্ট্রিয়ায় প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ১১৯ শতাংশ। ছবি : সংগৃহীত
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ায় সংকটে পড়েছে ইউরোপের জ্বালানি খাতও। মহাদেশটির বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দাম এখন আকাশছোঁয়া।
এর মধ্যে অস্ট্রিয়াতেই ২০২১-এর অক্টোবরের তুলনায় এ বছর গ্যাসের দাম বেড়েছে ১১৯ শতাংশ, অর্থাৎ দ্বিগুণের বেশি। শুধু সেপ্টেম্বর থেকেই বেড়েছে ৫.৬ শতাংশ।
অস্ট্রিয়ার এনার্জি এজেন্সির (এইএ) প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রাশিয়া টুডে।
শুধু প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেই নয়, অন্যান্য জ্বালানি ও শক্তি খাতেও দাম বেড়েছে অনেক। গত বছরের অক্টোবরের তুলনায় এ বছর অক্টোবরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৯৪.৫ শতাংশ, ডিজেলের দাম বেড়েছে ৪৮.৬ শতাংশ, বিদ্যুতের দাম বেড়েছে ২৪.৪ শতাংশ।
এমন পরিস্থিতিতে অস্ট্রিয়ার অনেক পরিবার এ শীতে ঘর গরম রাখার জন্য বিকল্প উৎস খুঁজছে। ফলে চাহিদা বাড়ায় গত এক বছরে ফায়ার উডের (আগুন জ্বালানোর কাঠ) দাম বেড়েছে ৮১.৭ শতাংশ।
জ্বালানি খাতে পুরো ইউরোপ রাশিয়ার ওপর অনেকাংশেই নির্ভরশীল। নিষেধাজ্ঞার কারণে রুশ জ্বালানি ইউরোপে আসা অনেক কমে গেছে। এমনকি রাশিয়ার দেওয়া জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণও মানতে পারছে না পশ্চিমারা। তাই পশ্চিমা দেশে জ্বালানির বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সহসা এর অবসান হওয়ার সম্ভাবনা নেই।