প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ০৮:৪১ এএম
ছবি: আল জাজিরা থেকে সংগৃহীত
ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ২৬ জন অভিবাসী নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: আল-জাজিরা।
বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা ৬০ জনকে জীবিত উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে আসেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানিয়েছেন, দুই নৌকায় মোট প্রায় ৯৫ জন ছিলেন। অর্থাৎ এখনো প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে।
নৌকাদ্বয় লিবিয়া থেকে যাত্রা করেছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন। পরে খারাপ আবহাওয়ার কারণে সেটি উল্টে যায়।
ইতালির রেড ক্রসের কর্মকর্তারা জানান, বেঁচে যাওয়া সবাই তুলনামূলকভাবে সুস্থ আছেন, তবে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করেছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল দিয়ে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে।