প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
অস্টিন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তারা চারজনকে সহায়তা দিয়েছে, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আটক সন্দেহভাজন সাদা চামড়ার একজন পুরুষ, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলেল শার্ট। হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয়দের সেখানে না যেতে সতর্ক করা হয়।
ঘটনাটি ঘটল নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুমে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন।