প্রবা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ২১:০৩ পিএম
হিমাচলের নতুন মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা বার্তা পাঠান তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। ছবি: সংগৃহীত
ভারতের হিমাচল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুখবিন্দর সিং সুখু। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুখবিন্দরের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা।
শুভেচ্ছা বার্তায় দালাই লামা লিখেন, ’৬২ বছরের বেশি সময় ধরে আমি ভারতে থাকছি। দীর্ঘ এ অবস্থানের অধিকাংশ সময় আমি হিমাচল রাজ্যের ধর্মশালায় থেকেছি। আমার এখানে থাকার অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার। প্রসঙ্গক্রমে বলতে হয়, হিমাচল রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমি প্রায় সময় আমাদের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করে থাকি।’
‘হিমাচল রাজ্যের মানুষের বন্ধুত্ব ও আতিথেয়তায় আমি মুগ্ধ। হিমাচলের সর্বস্তরের মানুষ আমাকে ও আমার অনুসারীদের অত্যন্ত শ্রদ্ধা করেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
৮৭ বয়সি দালাই লামা আরও বলেন, ‘১৯৬০ সালের মে মাসে আমি প্রথমবারের মতো হিমাচলের ম্যাকলিওড গঞ্জে আসি। এরপর থেকে এ রাজ্যের অন্য অঞ্চলের মতো ধর্মশালার ব্যাপক উন্নতি লক্ষ্য করছি। আমি আশা করব, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে এ রাজ্যের পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষের আরও উন্নতি হবে। এ রাজ্যের জনগণের আশা-আকাঙ্খা যেন আপনি পূর্ণ করতে পারের, আমি সেই প্রার্থনা করছি।’
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর হিমাচলের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৮ ডিসেম্বর ফল ঘোষণা হয়। এতে বিজেপির প্রার্থীকে হারিয়ে জয় পায় কংগ্রেস।
জয়ের পর মুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে দোটানায় পড়ে কংগ্রেস। কয়েক দিনের আলাপ-আলোচনার পর রাজ্যটির কংগ্রেসের চারবারের বিধায়ক সুখবিন্দর সিংকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয় কেন্দ্রীয় কংগ্রেস। রবিবার (১১ ডিসেম্বর) রাজ্যটির রাজধানী শিমলার রিজ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন।