× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুল্ক যুদ্ধ

ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনা নয় : ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ০০:১৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। এমন অবস্থায় শুল্ক নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাও নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক-সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এদিকে ভারত পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। তারা যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক-সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তার প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যে দ্বিগুণ অর্থাৎ ৫০ শতাংশ শুল্ক আরোপের পর তিনি এই মন্তব্য করেন।

হোয়াইট হাউসের ‘ওভাল অফিস’-এ সংবাদ সংস্থা এএনআই জানতে চায়, নতুন শুল্কের পরও ভারতের সঙ্গে তিনি আলোচনার আশা করছেন কি না। জবাবে ট্রাম্প জানিয়েছেনÑ ‘না’, এটা সমাধান হওয়ার আগে কিছুই হবে না।

এর আগে গত বুধবার এক নির্বাহী আদেশে হোয়াইট হাউস জানায়, জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর ফলে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

আদেশে ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়, সরাসরি বা পরোক্ষভাবে এসব আমদানি যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক ও মারাত্মক হুমকি এবং তা জরুরি অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার পক্ষেই যুক্তি দেয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রথম দফার ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং তখন থেকে এটি ভারতের সব পণ্যের ওপরই প্রযোজ্য হবে, তবে যেসব পণ্য এরই মধ্যে রপ্তানির পথে রয়েছে বা কিছু নির্দিষ্ট শ্রেণির মধ্যে পড়ে, সেগুলো এ থেকে ছাড় পাবে।

এই আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে বা ভারত বা অন্য কোনো দেশের পাল্টা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট এই শুল্কনীতিতে পরিবর্তন আনতে পারবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের প্রতিক্রিয়ায় দেওয়া বার্তায় বলেছেন, অর্থনৈতিক চাপের মুখেও ভারত তার অবস্থান থেকে একচুল সরবে না।

অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ভারত: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনে গিয়ে অস্ত্র ও বিমান কেনার বিষয়টি ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬টি বোয়িং পি৮আই বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার কথা ছিল ভারতের। কিন্তু ভারত এখন এসব কেনা চিন্তাভাবনা থেকে দূরে এসেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা