প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১০:১৩ এএম
ফাইল ফটো
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যের জবাবে রাশিয়ার সন্নিকটে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার রাতে (১ আগস্ট) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মেদভেদেভের বক্তব্য একদমই অগ্রহণযোগ্য ও উসকানিমূলক। আমি মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে উপযুক্ত অঞ্চলে দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।
ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই বেপরোয়া ও আগুন ঝরানো বক্তব্যগুলো কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। যদি এই বক্তব্য উসকানির চেয়ে বেশি কিছু হয়, তাহলে তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এটি সেই উদাহরণগুলোর মধ্যে একটি হবে না।
তবে মার্কিন সামরিক প্রোটোকল মেনে দুটি সাবমেরিন কোথায় মোতায়েন করা হচ্ছে তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে এবং উভয় দেশেরই পারমাণবিক সাবমেরিনের বহর রয়েছে।
বিবিসি বলছে, ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ট্রাম্পের মস্কোকে দেওয়া আল্টিমেটামের প্রতিক্রিয়ায় মেদভেদেভ সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন। এরপরই শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প কড়া প্রতিক্রিয়া জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, একটি হুমকি দেওয়া হয়েছিল এবং আমরা এটিকে উপযুক্ত মনে করিনি। আমাকে খুব সতর্ক থাকতে হবে। আমাদের জনগণের নিরাপত্তার ভিত্তিতে আমি যে কোনো সিদ্ধান্ত নেয়। আমরা আমাদের জনগণকে রক্ষা করব।
ক্রেমলিন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি, তবে ট্রাম্পের বক্তব্যের পর মস্কোর শেয়ার বাজার তীব্রভাবে পড়ে গেছে। সম্প্রতি ট্রাম্প এবং মেদভেদেভ সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়েছেন।
এর আগে, ৮ আগস্টের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। তবে পুতিন এই সময়সীমার কোনো প্রতিক্রিয়া দেখাননি।