প্রবা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২২ ১৬:০৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২২ ১৬:২৯ পিএম
ছবি : বিবিসি
আগামী বছর থেকে বিশ্ববাজারে ট্যালকমযুক্ত বেবি পাউডার বন্ধের ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি বন্ধ করার দুই বছরেরও বেশি সময় পর এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
এর আগে কোম্পানিটি নারীদের কাছ থেকে স্বাস্থ্যগত ঝুঁকিসম্পর্কিত হাজার হাজার মামলার সম্মুখীন হয়েছে। যারা অভিযোগ করেছে, এ ট্যালকম পাউডারে অ্যাসবেস্টস রয়েছে যা তাদের ডিম্বাশয়ের ক্যান্সার সৃষ্টি করেছে।
কিন্তু কোম্পানি এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিজ্ঞানীদের কয়েক দশকের গবেষণা দেখায় গেছে, এ পণ্যটি ব্যবহার করা নিরাপদ। এটি অ্যাসবেস্টসমুক্ত এবং এর ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে না।
তারা এক বিবৃতিতে জানিয়েছে, সারা বিশ্বের মানুষের চাহিদার ওপর ভিত্তি করে তারা কনস্টার্চযুক্ত (ভুট্টা থেকে তৈরি) বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে কনস্টার্চযুক্ত বেবি পাউডার ইতোমধ্যে বিক্রি হয়েছে।
২০২০ সালে জেঅ্যান্ডজে ঘোষণা দেয় তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ হিসেবে কোম্পানিটি জানায়, তাদের পণ্য নিয়ে 'ভুল তথ্য' ছড়িয়ে পড়ায় এর চাহিদা কমে গেছে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সময়ে তারা এটাও জানায়, এই দুটি দেশ ছাড়া যুক্তরাজ্যসহ বাকি সব দেশে তারা তাদের এই ট্যালকম বেসড পাউডার বিক্রি অব্যাহত রাখবে।
তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির অভ্যন্তরীণ নথি, আদালতের সাক্ষ্য এবং অন্যান্য তথ্য থেকে জানা যায়, ১৯৭০ থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত এ কোম্পানির ট্যালকম কাঁচামাল ও বিপণনের জন্য প্রস্তুত পাউডার পরীক্ষায় কখনো কখনো অল্প পরিমাণে অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়া যায়।
আদালতকক্ষ, গণমাধ্যম এবং মার্কিন আইনপ্রণেতাদের কাছে অ্যাসবেস্টস দূষণের প্রমাণ পেলেও জেঅ্যান্ডজে তা বারবার অস্বীকার করেছে।
অক্টোবরে এর সহযোগী প্রতিষ্ঠান এলটিএলকে ট্যালকম সম্পর্কিত দাবিগুলোর সঙ্গে যুক্ত করে জেঅ্যান্ডজে। এরপর তাৎক্ষণিক এটিকে দেউলিয়া ঘোষণা করে ম্যানেজমেন্ট বন্ধ করে দেয় জেঅ্যান্ডজে। ফলে এ মামলার কার্যক্রম থেমে যায়। দেউলিয়ার আগে মামলায় কোম্পানিটিকে ৩৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়। যার মধ্যে কেবল ২২ জন নারীকেই ২০০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে হয়েছে।
জনসনের বেবি পাউডার প্রায় ১৩০ বছর ধরে বিক্রি হয়। যা বিশ্বব্যাপী এ কোম্পানিকে পরিবারবান্ধব ভাবমূর্তি গড়ে তুলতে সহায়তা করে। শরীরের র্যাশ দূর করা থেকে শুরু করে প্রসাধনী হিসেবে বেবি পাউডারের ব্যবহার ছিল বেশ জনপ্রিয়।
প্রবা/এনএস