ডা. এম আর করিম রেজা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ০৯:০৩ এএম
চীনের চিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিডিএমআই ল্যাব ২০২৪ সালে শুরু করে এজেন্ট হাসপাতাল (Agent Hospital) নামে একটি প্রকল্প। এটি এমন ভার্চুয়াল হাসপাতাল যেখানে রোগীকে চিকিৎসা দেয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিকিৎসক ও নার্স। প্রকল্পটি কেবল গবেষণার খাতিরে নয় বরং ভবিষ্যতের স্বাস্থ্যসেবার বাস্তব পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
কীভাবে কাজ করে এজেন্ট হাসপাতাল
এই ভার্চুয়াল হাসপাতালে ১৪ জন ‘এআই চিকিৎসক’ এবং চারজন ‘এআই নার্স’ রয়েছেন। তারা সফটওয়্যার এজেন্ট।
রোগী গ্রহণ : রোগীর বয়স, লক্ষণ, ইতিহাস গ্রহণ করে।
রোগ নির্ণয় : লক্ষণ ও পূর্ববর্তী মেডিকেল ডেটা বিশ্লেষণ করে রোগ নির্ণয় করে।
চিকিৎসা প্রস্তাব : ওষুধ, পরীক্ষা বা থেরাপির পরামর্শ দেয়।
রোগীর সঙ্গে কথোপকথন : এআই চ্যাটবটের মাধ্যমে প্রশ্নোত্তর হয় রোগীর সঙ্গে।
ফলো-আপ ও মূল্যায়ন : এআই নার্সরা ফলো-আপ রিপোর্ট ও রোগীর অগ্রগতি ট্র্যাক করে। এআই চিকিৎসকরা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে।
সাফল্যের পরিসংখ্যান
এআই চিকিৎসকরা USMLE পরীক্ষায় ৯৩.০৬% স্কোর করে, যা মার্কিন চিকিৎসকদের গড় স্কোরকেও ছাড়িয়ে যায়। প্রতিদিন ৩ হাজার রোগীকে সেবা দিতে পারে, যা মাঝারি আকারের সরকারি হাসপাতালের চেয়েও দ্রুততর।
প্রযুক্তির ভিত্তি
মেডএজেন্ট নামক ওপেন-সোর্স এআই প্লাটফর্মের ওপর ভিত্তি করে এজেন্ট হাসপাতাল তৈরি। এটি মূলত এক ধরনের মাল্টি-এজেন্ট সিস্টেম, যেখানে রোগসংক্রান্ত তথ্য ও ক্লিনিক্যাল গাইডলাইন সংগ্রহ; একাধিক এআই একসঙ্গে কাজ করে; রোগীর সঙ্গে সাবলীল কথোপকথন; এই সংহত ব্যবস্থাই এজেন্ট হাসপাতালকে কার্যকরী স্বাস্থ্যসেবা প্লাটফর্মে রূপ দিয়েছে।
ভবিষ্যৎ
চীনের এই উদ্যোগ ভবিষ্যতের চিকিৎসাসেবায় যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত। এতে চিকিৎসার খরচ কমবে; রোগ নির্ণয়ে সময় বাঁচবে; চিকিৎসা পৌঁছবে প্রত্যন্ত অঞ্চলে।
সীমাবদ্ধতা
এআই চিকিৎসা পদ্ধতি ব্যবহারে সীমাবদ্ধতাও রয়েছে। এইআই মেশিন রোগীর মনস্তাত্ত্বিক অবস্থান, পারিবারিক প্রেক্ষাপট বুঝে চিকিৎসা করতে পারে না। একজন চিকিৎসক যেমন রোগীকে মানসিকভাবে সাহস জোগাতে পারেন, এআই তা করতে অক্ষম।
দায়বদ্ধতা
কোনো ভুল নির্ণয় হলে দায় কার— সফটওয়্যার ডেভেলপার, হাসপাতাল, নাকি ব্যবহারকারীর? আইনি কাঠামো এখনও পরিষ্কার নয়।
ডেটা নিরাপত্তা
এআই সিস্টেম রোগীদের সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে। সেগুলোর সুরক্ষা না থাকলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
এজেন্ট হাসপাতাল শুধু প্রযুক্তিগত অর্জন নয়— এটি চিকিৎসাসেবার দৃষ্টিভঙ্গিকেই বদলে দিচ্ছে। মানব চিকিৎসক ও নার্সদের সহায়তাকারী হিসেবে অথবা ভবিষ্যতের একক স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসেবে এআই চিকিৎসক ও নার্সের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
লেখক : ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ