প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১৩:০২ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে আবারও চরম আতঙ্কের জন্ম দিয়েছে বোমা হামলার হুমকি। ই-মেইলের মাধ্যমে দেওয়া এই হুমকির লক্ষ্য ছিল ২০টিরও বেশি স্কুল। শুক্রবার সকালেই এই ই-মেইল পাওয়ার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে এবং দিল্লির বিভিন্ন এলাকায় স্কুলগুলোতে তল্লাশি অভিযান শুরু করে।
পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুলসহ বহু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেইল পাঠিয়ে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। পুলিশ জানায়, হুমকি বার্তাটি ছিল সহিংস, মানসিকভাবে অস্থির একজন ব্যক্তির লেখা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ই-মেইলে লেখা হয়, তিনি স্কুলের ক্লাসরুমে বিস্ফোরক লুকিয়ে রেখেছেন এবং সেগুলোর মাধ্যমে ভয়াবহ হামলা চালাবেন বলে উল্লেখ করা হয়।
এই ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন আগের তিনদিনে দিল্লির অন্তত ১০টি স্কুল ও একটি কলেজেও একই ধরনের হুমকি এসেছে। ইতিমধ্যে সেন্ট থমাস স্কুল, ভাসন্ত ভ্যালি স্কুল, দ্য মাদারস ইন্টারন্যাশনাল স্কুল, সরদার প্যাটেল বিদ্যালয় এবং সেন্ট স্টিফেন্স কলেজেও এমন ই-মেইল এসেছে। পুলিশ প্রতিটি প্রতিষ্ঠানে বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
তবে এসব বার্তায় উল্লেখিত মানসিক স্বাস্থ্য সংকট এবং সহিংস মনোভাব গভীর উদ্বেগের বিষয়। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং হুমকির উৎস শনাক্তে সাইবার টিম কাজ করছে। এছাড়া এটি কোনো সংঘবদ্ধ পরিকল্পনার অংশ কিনা তা নিয়েও তদন্ত চলছে।