প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় শনিবার (১২ জুলাই) একদিনেই অন্তত ১১০ জন নিহত হয়েছেন। দক্ষিণ রাফাহ শহরের আল-শাকুশ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার বিভিন্ন সময় এ হামলা চালানো হয়। হাসপাতালের সূত্রে এই তথ্য জানা গেছে। খবর আলজাজিরার।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি সেনাদের গুলিতে গাজায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতেরা ত্রাণ আনতে গিয়েছিলেন। সহায়তা কেন্দ্রে এমন হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো একে ‘মানব হত্যাযন্ত্র’ ও ‘মৃত্যুর ফাঁদ’ বলে অভিহিত করেছে।
এছাড়া ঘনবসতিপূর্ণ আল–শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভীতিকর পরিবেশ দেখা গেছে।
গাজার চিকিৎসা সূত্র বলছে, গত মে মাসের শেষ দিকে জিএইচএফ তার কার্যক্রম শুরু করার পর থেকে বিভিন্ন সহায়তা কেন্দ্রে চালানো হামলায় এ পর্যন্ত ৮০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হন। জিম্মি করা হয় অনেককে। ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দখলদারদের হামলায় ৫৭ হাজার ৮৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক লাখ ৩৮ হাজার ৯৫ ফিলিস্তিনি।