প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১০:০১ এএম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার শুল্ক ও বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন শেখ বশিরউদ্দিন, আর ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
এদিকে আগামী বৈঠক বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে আলোচনা আরও গভীরতর হবে বলে আশা করা হচ্ছে।