প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ০৯:২৮ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫ ০৯:২৮ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার শেষ ধাপে রয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন কানাডার কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার প্রভাব ইতোমধ্যে কানাডায় পড়তে শুরু করেছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করলে শুল্ক আরোপ করা হবে না। একইসঙ্গে তিনি কানাডার দুধশিল্পে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরোপিত শুল্ক, ফেন্টানিল প্রবেশে কানাডার ব্যর্থতা ও বাণিজ্য ঘাটতির বিষয়টি তুলে ধরেন।ট্রাম্পের এই ঘোষণা এমন ২০টিরও বেশি চিঠির একটি, যা তিনি একাধিক বাণিজ্য অংশীদার দেশের উদ্দেশে পাঠিয়েছেন—এর মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কাও। তিনি জানান, এসব দেশের ওপরও ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে।
বর্তমানে উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় কিছু পণ্যে ছাড় থাকলেও ট্রাম্পের প্রস্তাবিত ৩৫ শতাংশ শুল্ক সেই চুক্তির আওতাভুক্ত পণ্যের ওপরেও প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়।ট্রাম্প আরও জানান, এই নতুন শুল্ক হবে অতীতের খাতভিত্তিক শুল্ক থেকে আলাদা এবং কানাডার গাড়ি ও ধাতু শিল্পে এর গভীর প্রভাব পড়বে। কানাডা তার তিন-চতুর্থাংশ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এবং এটি একটি প্রধান উৎপাদন কেন্দ্র হওয়ায় এই সিদ্ধান্ত কানাডার অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে, গত জুনে জি-৭ সম্মেলনে ট্রাম্প ও কার্নি ঘোষণা দিয়েছিলেন, তারা ৩০ দিনের মধ্যে একটি নতুন বাণিজ্য ও নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে চান। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই এসেছে ট্রাম্পের এই শুল্ক আরোপের হুমকি। তবে এখন পর্যন্ত কানাডার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।