প্রবা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:৫৬ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৬:১৪ পিএম
সিসিটিভি ফুটেজে ডায়ানার লুটিয়ে পড়ার দৃশ্য।
জিমে গিয়ে একমনে শরীরচর্চা করছিলেন ২৮ বছর বয়সি যুবতী বেটসি ডায়ানা জারামিলো রামিরেজ। শরীরচর্চা করতে করতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি।
এর পর আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডায়ানার। ২৯ নভেম্বর ইকুয়েডরের ‘জোনা মাসকুলার’ জিমে এই ঘটনাটি ঘটে।
জিমের সিসিটিভিতে ধরা পড়েছে ডায়ানার মৃত্যুর দৃশ্য। সিসিটিভির ধারণকৃত ভিডিওচিত্রে দেখা গেছে, ওই যুবতী একটি ভারী লোহার পাত নিয়ে ওঠবস করছেন। প্রশিক্ষকের নির্দেশ শুনেই তিনি ওই ভার নিয়ে ওঠাবসা করছিলেন। কয়েক সেকেন্ড পরই ভারী লোহার পাত হাত থেকে পড়ে যায়। আর তাকে লুটিয়ে পড়তে দেখা যায় মাটিতে।
এ সময় আশপাশের সবাই ছুটে এসে তাকে ওঠানোর চেষ্টাও করেন। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই যুবতীকে মৃত ঘোষণা করেন উপস্থিত চিকিৎসক। চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ডায়ানার।