প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুন ২০২৫ ২২:৩২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫ ২২:৪১ পিএম
ইরান-ইসরায়েল চলমান সংঘাতে উত্তেজনাকর পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে ভাষ্য দোহার।
সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়, দেশের নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাতারের আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইরান তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের কাতারে অবস্থানরত নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে বাসায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।
কাতারের বেশ কয়েকটি স্কুল আগামীকালের জন্য বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রে ঘাঁটি ও সামরিক উপস্থিতি রয়েছে।