প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৫ ২১:৩১ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫ ২১:৩৭ পিএম
বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি সংগৃহীত
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজটির ‘কেউই বেঁচে নেই’— আহমেদাবাদ পুলিশের বরাতে প্রাথমিকভাবে দেশটির গণমাধ্যমে এমন খবর প্রচারের মধ্যে একজন যাত্রীর বেঁচে ফেরার খবর পাওয়া গেল।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই বিমানের এক যাত্রী। এমনকি তাকে হাঁটতেও দেখা গেছে।
ওই ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
এনডিটিভি বলেছে, ওই ব্যক্তি বিমানের ১১-এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট এবং কালো রঙের ট্রাউজার্স। তার টি-শার্টে রক্তের ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। এছাড়া মুখ ও কপালে রয়েছে জখমের চিহ্ন।
সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে এনডিটিভি জানায়, আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, একজন জীবিত উদ্ধার হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না।
বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীর যে তালিকা কর্তৃপক্ষ প্রকাশ করেছে, সেখানে ওই ব্যক্তির নাম বিশোয়াস কুমার রমেশ এবং তিনি ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে, তারা হাসপাতালে বেঁচে ফেরা রমেশের সঙ্গে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের নিজের প্লেনের বোর্ডিং পাসও দেখিয়েছেন। সেখানে তার নাম রয়েছে এবং আসন সংখ্যা উল্লেখ করা আছে ১১এ বলে।
ভারতীয় গণমাধ্যমগুলো তার বক্তব্য দেখাচ্ছে, যেখানে তিনি বলছেন, আকাশে উড্ডয়নের ৩০ সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে বিমানটি ভেঙ্গে পড়ে। সবকিছু খুব অল্প সময়ের মধ্যেই ঘটে যায়।
২৪২ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর আছড়ে পড়ে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটি।
আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি জানিয়েছে, বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায়নি।