প্রবা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১৩:৫৭ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২২ ১৪:১১ পিএম
শপথ নিচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ছবি : এনডিটিভি।
ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জগদীপ ধনখড়। নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথবাক্য পাঠ করান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি দেশটির ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন।
শনিবার (৬ আগস্ট) উপরাষ্ট্রপতি নির্বাচনে ৫২৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার বিরোধী পক্ষে মার্গারেট আলভা পেয়েছেন ১৮২ ভোট।
ভারতের লোকসভার সাধারণ সম্পাদক উৎপল কে সিং ভোট গণনার পর চূড়ান্ত ফল ঘোষণা করেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৮০ জন। এ দিন ভোট দিয়েছেন ৭২৫ জন। তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়।
ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী হলেও জগদীপ ধনখড় অন্যান্য দলেরও সমর্থন লাভ করেন। যার মধ্যে রয়েছে ওড়িয়া থেকে নবীন পট্টনায়কের বিজু জনতা দল,অন্ধ্রপ্রদেশ থেকে জগনমোহন রেড্ডির ইয়েসার কংগ্রেস এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি।
অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালনকালে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক না থাকায় দলটি ভোট দেওয়া থেকে বিরত থাকে। তবে দলটি বিরোধী প্রার্থীকেও সমর্থন জানায়নি।
প্রবা/এনএস/এমজে