প্রবা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১২:০২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২২ ১৩:১৭ পিএম
জম্মু ও কাশ্মীরের সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা। ছবি: এনডিটিভি।
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। এ সময় আক্রমণকারী দুই সন্ত্রসীকে গুলি করে হত্যা করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ সন্ত্রাসী হামলার পেছনে লস্কর-ই-তৈয়বার হাত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেছেন, কিছু সন্ত্রাসী প্যারাগলে সেনাক্যাম্পের বেড়া অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় সেনাসদস্যরা তাদের ভেতরে প্রবেশে বাধা দিলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
তিনি আরও জানান, এ এলাকাটিতে নিরাপত্তা জোরদার করতে আরও সেনা পাঠানো হয়েছে।
জম্মু অঞ্চলের রাজৌরি জেলাসহ অন্যান্য এলাকা দীর্ঘ সময় ধরে সন্ত্রাসমুক্ত ছিল কিন্তু ছয় মাস ধরে সেখানে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১০ আগস্ট) কেন্দ্রশাসিত অঞ্চলের পুলওয়ামা জেলায় ২৫ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করে পুলিশ। একটি বড় ট্র্যাজেডি এড়ানোর ঠিক এক দিন পর এ হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া সম্প্রতি জম্মু অঞ্চলে বিজেপির সংখ্যালঘু মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জ তালিব হুসেন শাহকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, তিনি লস্কর-ই-তৈয়বা’র নেতা। এ অঞ্চলে একাধিক হামলার সঙ্গে জড়িত ছিলেন তালিব। তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর বিজেপি তাকে দল থেকে বহিষ্কার করে।
২০১৮ সালের ফেব্রুয়ারির পর জম্মু ও কাশ্মীরের সেনাক্যাম্পে ঘটে যাওয়া এটিই বড় কোনো হামলার ঘটনা। ২০১৬ সালের এ রকমই একটি হামলায় ১৮ জন সেনাসদস্য নিহত হন।
প্রবা/এনএস/ম.ই