প্রবা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৬:৫৫ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৬:৫৭ পিএম
জার্মানির কয়েকটি শহরে অভিযান চালিয়ে চরম ডানপন্থী একটি গ্রুপের ২২ সদস্য ও ৩ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ ডিসেম্বর বার্লিনে। ছবি: সংগৃহীত
জার্মানির বিভিন্ন শহরে অভিযান চালিয়ে একটি চরম ডানপন্থী গ্রুপের ২২ সদস্য ও তিন সমর্থককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ, তারা বল প্রয়োগ করে রাষ্ট্রক্ষমতা দখলের পরিকল্পনা করছিল।
জার্মানির ফেডারেল প্রসিকিউটরের অফিস জানায়, বুধবার (৭ ডিসেম্বর) জার্মানির ১১টি রাজ্যের ১৩০টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশের প্রায় তিন হাজার কর্মকর্তা ও সদস্য। দীর্ঘ পর্যবেক্ষণের পর চরম ডানপন্থী গ্রুপ রাইখবুইর্গাবেভেগুংগের (সাম্রাজ্যের নাগরিক আন্দোলন) সদস্য ও সমর্থকদের গ্রেপ্তার করতেই এই অভিযান পরিচালনা করা হয়।
ফেডারেল প্রসিকিউটরের অফিসের বরাতে আলজাজিরা জানায়, রাইখবুইর্গাবেভেগুংগ ২০২১ সালের নভেম্বর থেকে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিল। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির সংবিধান মানেন না। নিজেদের মতো করে সংবিধান প্রণয়ন করতে ও দেশ চালাতে চান।
সম্প্রতি রাইখবুইর্গাবেভেগুংগ একটি ছোট সশস্ত্র গ্রুপ নিয়ে জার্মানির পার্লামেন্ট দখলের পরিকল্পনা চূড়ান্ত করে। এ অবস্থায় বুধবারের অভিযানটি চালানো হলো। গ্রেপ্তারদের একজন রাশিয়ার নাগরিক। তবে তিনি গ্রুপটির সদস্য নন, সমর্থক বলে জানা গেছে।
অভিযান চালানো রাজ্যগুলো হলো—বাডেন-ভুয়াটেমবের্গ, বেভেরিয়া, বার্লিন, হেসে, লোয়ার স্যাক্সোনি, সেক্সোনি, থুরিংগিয়া। তাছাড়া স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রতিবেশী অস্ট্রিয়া ও ইতালির কয়েকটি স্থানেও অভিযান চালিয়েছে জার্মানির পুলিশ।
জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ডিয়া স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়, বাডেন-ভুয়াটেমবের্গ রাজ্যের কালউ শহরের জার্মানির বিশেষ বাহিনী কেএসকের কয়েকটি ব্যারেকেও অভিযান চালানো হয়েছে। বাহিনীটির কিছু সদস্য রাইখবুইর্গাবেভেগুংগের সঙ্গে জড়িত বলে জানা গেছে। কিন্তু ফেডারেল প্রসিকিউটরের অফিস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে সম্প্রতি চরম ডানপন্থীদের নতুন জোয়ার দেখা দিয়েছে। গত মে মাসের এক প্রতিবেদনে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনীর ৩২৭ সদস্য গত তিন বছর ধরে কয়েকটি চরম ডানপন্থী গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখছিল।
২০২০ সালের ফেব্রুয়ারিতে জার্মানির মেইন-কিনজিগ-ক্রিস রাজ্যের হানাউ শহরে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে অন্তত নয়জন সাধারণ মানুষ নিহত হন। হামলাকারীর সঙ্গে চরম ডানপন্থী একটি গ্রুপের যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়।