× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৫ ০১:১২ এএম

ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইয়েমেনে বোমা হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মার্চের মাঝামাঝি সময় থেকে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ শুরু করে মার্কিন সেনারা।

হুথিরা ফিলিস্তিনিদের পক্ষ হয়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীসহ বিভিন্ন জায়গায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। তবে তারা যেন এসব হামলা না চালাতে পারে সেজন্য হুথিদের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুথিরা মার্কিন জাহাজে আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এ কারণে তারাও ইয়েমেনে হামলা চালাবেন না বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ মে) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না। আমরা তাদের এ প্রতিশ্রুতিকে সম্মান জানাব এবং বোমাবর্ষণ বন্ধ করব। হুথিরা আত্মসম্পর্ণ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব। হুথিরা জানিয়েছে, তারা আর জাহাজ ধ্বংস করবে না। আর আমরা এটির জন্যই বোমাবর্ষণ করছিলাম। আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয়। তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্র হুথিদের ওপর এ মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে।”

তবে হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কি না সেটি স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প।

পরবর্তীতে ওমান জানায়, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ভবিষ্যতে কেউ কারও ওপর এবং লোহিত সাগর ও বাব-আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজের ওপর হামলা চালাবে না। এরমাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়া নিশ্চিত হয়েছে।”

এদিকে হুথিরা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি। এর আগে গত পরশু দিন দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথিরা। এর জবাবে আজ ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা