প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১৭:৪২ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫ ১৭:৪৬ পিএম
ছবি সংগৃহীত
ভারতের গুজরাট থেকে নারী ও শিশুসহ এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শনিবার (২৬ এপ্রিল) গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি ও সুরাটে ১৩৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রী হর্ষ সাংঘভি এটিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত বৃহত্তম অভিযান বলে উল্লেখ করেছেন।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন হর্ষ সাংঘভি। অন্যথায় তাদের আটক করে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।